আইসিসি’র টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। বড় উন্নতি হয়েছে নিষেধাজ্ঞা থেকে ফেরা অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের। দুই নম্বরে উঠে এসেছেন তিনি।
চলতি অ্যাসেজ সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করা স্মিথ লর্ডসে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ৯২ রানের ঝকঝকে ইনিংস খেলেন। লর্ডসে ব্যাট করার সময় ৮০ রানের মাথায় জোফ্রা আর্চারের বলে মাথায় আঘাত পেয়ে সংজ্ঞা হারান। জ্ঞান ফেরার পরেও ব্যাটিং চালিয়ে যান স্মিথ। দুর্দান্ত পারফরম্যান্সের ফল পেলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক।
আইসিসির সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে ৯১৩ পয়েন্ট নিয়ে টিম ইন্ডিয়ার অধিনায়ক কোহলির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন স্মিথ। দুই থেকে তিন নম্বরে নেমে যেতে হয়েছে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে।
তালিকার চার চতুর্থস্থান ধরে রেখেছেন ভারতের চেতেশ্বর পূজারা। চতুর্থস্থানে আছেন নিউজিল্যান্ডের হেনরি নিকোলস। টেস্টের ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ঢুকেছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে। বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের মধ্যে ২৫তম স্থানে আছেন তামিম ইকবাল।
আইসিসি প্রকাশিত টেস্ট বোলারদের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। দুই নম্বরে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। তিন নম্বরে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। ছয় থেকে পাঁচ নম্বরে উঠে এসেছেন ভারতের রবীন্দ্র জাদেজা। বোলারদের তালিকায় বাংলাদেশের সাকিব আল হাসানের অবস্থান কুড়িতম।
অলরাউন্ডারদের তালিকায় ৪৪০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। ৪০ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে সাকিব আল হাসান। তিন নম্বর জায়গা ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা।
১১৩ পয়েন্ট নিয়ে টেস্ট দলের তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে ভারত। ১১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্ট ১০৮।
