প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের দুস্থদের চাল আত্মসাৎ

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ০৭:২০ পিএম

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদে দুস্থদের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মো. সালেহ (মিন্টু ফরাজীর) বিরুদ্ধে।

এ ঘটনার বিচারের দাবিতে মঙ্গলবার দুপুরে বিক্ষুব্ধ এলাকাবাসী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিক্ষোভ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ট্যাগ অফিসার মো. টিপু সুলতান ঘটনাস্থলে এসে ৭৭ বস্তা চাল জব্দ করে এবং গুদামটি সিলগালা করে দেয়।

বঞ্চিত ও বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, ঈদের আগে অসহায় ও দুস্থদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণ না করে চেয়ারম্যান ও ইউপি সদস্যরা ৭৭ বস্তা চাল আত্মসাৎ করার সময় স্থানীয়রা টের পেয়ে পাহারা বসায়।

পরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানিয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আবু জাফর মো. সালেহ (মিন্টু ফরাজী)সহ জড়িতদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সচিব মো. তসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিতরণ না করে গুদামে রক্ষিত ভিজিএফের চাল মজুদ রাখা হয়। চাল বিতরণ করার জন্য চেয়ারম্যান ও ইউপি সদস্যেদের বলা হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ ব্যপারে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আবু জাফর মো. সালেহ (মিন্টু ফরাজি) কে মোবাইলে কল করেও পাওয়া যায়নি।

ট্যাগ অফিসার মো. টিপু সুলতান জানান, এসব চাল ঈদের আগে অসহায় ও দুস্থদের মধ্যে বিলি করার কথা। কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসব চাল বিতরণ করেনি। প্রাথমিকভাবে ৭৭ বস্তা ভিজিএফের চাল জব্দ করে গুদামে সিলগালা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম বানু শান্তি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ জানান, ঘটনাস্থলে ট্যাগ অফিসারকে পাঠানো হয়েছে। সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঈদের আগের এসব চাল বিতরণ না করে গুদামে রাখার এখতিয়ার নেই  বলেও জানান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত