পুকুর ভরাট করে তৈরি আলোচিত মার্কেট উচ্ছেদ

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১১:৪৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় এক প্রভাবশালী পরিবার পুকুর ভরাট করে বানানো সুপার মার্কেট উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামসুজ্জামান এবং পাঁচ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ উচ্ছেদ অভিযান চালায়। পুলিশ ছাড়াও র‌্যাবের একটি দল উপস্থিত ছিল অভিযানকালে। 

শহরের কোর্ট রোড এলাকার গোলাপ রেস্ট হাউজ সংলগ্ন ওই পুকুরটি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপমন্ত্রী হুমায়ুন কবীরের পরিবারের লোকজন গত এক মাস ধরে ভরাট করে আসছিল। এরপর সম্প্রতি সেখানে অস্থায়ী মার্কেটও গড়ে তোলে তারা। কিন্তু প্রশাসন কয়েক দফা অভিযান চালিয়ে, বাধা দিয়েও এ ভরাট ঠেকাতে ব্যর্থ হয়। পরিবেশ অধিদপ্তরও অসহায় হয়ে পড়ে। অভিযোগ ওঠে, এক বছর আগে পুকুর থাকা অবস্থায় ভূমিশ্রেণি পরিবর্তন করে কাগজপত্রে ভিটা বানানো হয়। ৭৬ শতকের এ পুকুরটির মালিকানা নিয়েও বিতর্ক রয়েছে। ভূমি রেকর্ড অনুসারে পুকুরটি দেবোত্তর সম্পত্তি বলে জানা যায়। কিন্তু বিএস রেকর্ডে পুকুরটির মালিকানা হয়ে যায় শহরের পৈরতলার বজলুর রহমানের ছেলে আনিসুর রহমান আনিস, ফারুক আহমেদ ও গোলাপ মিয়াসহ তাদের চার ভাইয়ের নামে। তারা হুমায়ুন কবীরের ভাই। এ পুকুর ভরাটের বিষয়টি আলোচিত হয়ে ওঠে জেলা শহরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত