পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘বঙ্গবন্ধুই বাংলাদেশ, বাংলাদেশই বঙ্গবন্ধু। বাংলাদেশকে চিনতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শ সম্পর্কে জানতে হবে।’ গতকাল মঙ্গলবার বিকেলে রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম এবং তার রচিত গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’ভিত্তিক কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। অতিরিক্ত আইজিপি (এইচআরএম) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব মহাপরিচালক ড. বেনজীর আহমেদ ও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। পুলিশপ্রধান বলেন, ‘বঙ্গবন্ধু বলেছিলেন ‘আপনারা জনগণের পুলিশ’। আমরা বঙ্গবন্ধুর নির্দেশিত পথ ধরেই জনগণের পাশে দাঁড়িয়ে জনগণকে সঙ্গে নিয়ে দেশের বিরুদ্ধে সব চক্রান্ত রুখে দিয়েছি। বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই বাংলাদেশ পুলিশকে পরিচালনা করছি।’
আনিসুজ্জামান বলেন, ‘বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি ‘সোনার বাংলা’ গড়ে তুলতে। যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না। সম্পদের বণ্টন হবে সুষম। বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ গড়ে তুলতে পারলেই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হবে।’ বঙ্গবন্ধুর জীবন ও কর্ম এবং তার রচিত গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’ভিত্তিক কুইজ প্রতিযোগিতার বাছাই ৪০টি পুলিশ ইউনিটে অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্যায়ে ঢাকায় কনস্টেবল থেকে এএসআই পর্যন্ত ২৫০ পুলিশ সদস্য প্রতিযোগিতায় অংশ নেন।
