জেলেই থাকতে হচ্ছে যৌন হেনস্তাকারী ক্যাথলিক ধর্মগুরু পেলকে

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ০৯:২২ এএম

ভ্যাটিকানের কোষাধ্যক্ষ ও অস্ট্রেলিয়ার সবচেয়ে জ্যেষ্ঠ ক্যাথলিক ধর্মগুরু কার্ডিনাল জর্জ পেলকে কারাগারেই থাকতে হবে। সাজার বিরুদ্ধে আপিল করে পরাজিত হয়েছেন তিনি।

১৯৯৬-৯৭ সালে মেলবোর্ন ক্যাথেড্রালে দুই বালককে যৌন হেনস্তা করেন পেল। গত মার্চে তার ছয় বছর জেল হয়। কিন্তু তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

তার বিরুদ্ধে দেয়া রায় ‘অবিচার’ ছিল এমন দাবি করে আপিল করেন পেল।

বিশ্বজুড়ে ক্যাথলিক খ্রিষ্টান ধর্মাবলম্বীদের চার্চ পরিচালনায় কার্ডিনালরা পোপকে সহায়তা করেন। কার্ডিনালদের বলা হয় ভ্যাটিকান রাষ্ট্রের ‘রাজপুত্র’। কার্ডিনালদের মধ্য থেকেই ১২০ কোটি ক্যাথলিক খ্রিষ্টানের প্রধান ধর্মগুরু পোপ নির্বাচিত হন।

বিবিসি জানিয়েছে, ৭৮ বছর বয়সী কোষাধ্যক্ষকে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত জেলে থাকতে হবে। তারপর তিনি প্যারোলের জন্য অনুমতি পাবেন।

আদালত জানায়, ১৯৯৬ সালে মেলবোর্নের আর্চবিশপ থাকার সময় ক্যাথেড্রাল প্রাঙ্গণে দুই ছেলেকে পেল যৌন হেনস্তা করেন। তাদের মধ্যে একজনকে ১৯৯৭ সালে আবার একই কাজ করেন।

ভুক্তভোগীদের একজনের সাক্ষ্য নিয়েছেন আদালত। অতিরিক্ত ড্রাগ নেওয়ার কারণে আরেকজন ২০১৪ সালে মারা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত