শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থী ভর্তির সময় ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে। আগামী শিক্ষাবছর থেকে এটা কার্যকরের পরিকল্পনা রয়েছে।
বুধবার বিকালে শাবিপ্রবির মিনি অডিটোরিয়ামে সমাজ বিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত একাডেমিক টক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক লায়লা আশরাফুন।
অনুষ্ঠানে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ আরো বলেন, এই বিশ্ববিদ্যালয় থেকে নেতিবাচক উপাদানগুলো দূর করা হচ্ছে। জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করা হয়েছে। র্যাগিং কালচার প্রায় বন্ধ হয়েছে। যৌন নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। ফলে এখন আর কোনো অভিযোগ আসছে না। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান আরো কঠোর হবে। বিশ্ববিদ্যালয়ে কোনো মাদকসেবী থাকবে না। তাই ভর্তির সময় ডোপ টেস্টের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুল গনির সঞ্চালনায় অনুষ্ঠানে নির্ধারিত বিষয়ের উপর বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মনিরুল ইসলাম খান।
