পরিবারের সম্মান রক্ষার্থে পাকিস্তানি মডেল কান্দিল বেলুচকে হত্যা করে তার ভাইয়েরা। ২০১৬ সালের এ ঘটনা দেশটিতে‘অনার কিলিং’ নামে পরিবারের হাতে নারীদের হত্যার মতো বর্বরোচিত বিষয়টি।
ডন জানায়, আলোচিত কান্দিল বেলুচের হত্যাকারী ভাইদের ক্ষমা করে দিয়েছেন তাদের বাবা-মা। এ হত্যাকাণ্ড থেকে অভিযুক্ত দুই ছেলেকে রেহাই দিতে আদালতের কাছে আবেদন জানান তারা।
পাকিস্তানের ‘কিম কার্দাশিয়ান’ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত হয়ে উঠেছিলেন মডেল কান্দিল বেলুচ। খোলামেলা ছবি ও ভিডিও পোস্ট করে বিতর্কিতও হয়েছিলেন তিনি।
তার ভাই ওয়াসিমের ভাষ্য, পারিবারিক নাম ‘বেলুচ’-এর সম্মান রক্ষার্থেই বোনকে হত্যা করেছেন তিনি।
তার অভিযোগ, সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেকে খোলামেলাভাবে প্রদর্শন করে পারিবারিক নামের সম্মানহানি ঘটাচ্ছিলেন কান্দিল। ফলে তাকে মেরে ফেলাটা আবশ্যক হয়ে পড়েছিল।
বুধবার কান্দিলের বাবা-মা মুলতানের আদালতে আবেদন জানান, মেয়ের হত্যাকারীদের তারা ক্ষমা করে দিয়েছেন। বিচারক যেন তাদের নির্দোষ হিসেবে ঘোষণা দেন।
যদিও ঘটনার পর তারা মেয়ে হত্যার বিচার চেয়েছিলেন এবং হত্যাকারী ছেলেদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছিলেন।
তবে বিচারক তাদের এই আবেদন খারিজ করে দিয়েছেন। কান্দিল হত্যাকাণ্ডের কয়েক মাস পরে অনার কিলিং বিরোধী আইন পাস করে পাক সরকার। নিহতের পরিবার চাইলেই হত্যাকারীকে ক্ষমা করতে পারবে, এই সুযোগ ওই আইনে রহিত করে দেওয়া হয়।
