ঘাতকরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘খুনি জিয়া ও মোশতাক গং এ দেশ থেকে, দেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিল। বঙ্গবন্ধুর খুনিদের যাতে বিচার না হয় সেজন্য জিয়া দালাল আইন বাতিল করেছিল, খুনিদের পরোক্ষভাবে সমর্থন দিয়েছিল।’ গতকাল বৃহস্পতিবার রাজধানীর সদরঘাটে ঢাকা নদীবন্দরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নৌ-প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু তার রক্ত দিয়ে আমাদের ঋণী করে গেছেন। আমরা সবাই মিলে তার স্বপ্নের সোনার বাংলা গড়তে পারলেই কেবল তার রক্তের ঋণ শোধ করতে পারব। দেশের প্রতিটি নাগরিকের উচিত বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সুনাগরিক হয়ে দেশপ্রেমিক হওয়া।’
