সাতক্ষীরায় বিষধর সাপের কামড়ে বেদে একলু মিয়ার (৩৫) মৃত্যু হয়েছে। তার স্ত্রী আলিনা খাতুনের অবস্থা সংকটাপন্ন।
শুক্রবার গভীর রাতে সাতক্ষীরা আলিপুর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
একলু মিয়া ও তার স্ত্রী আলিনা খাতুন যশোর জেলার কালিগঞ্জ উপজেলার বারোজার এলাকার বাসিন্দা।
আলিনা খাতুন জানান, তারা আলিপুর নতুন বাজার এলাকায় তাঁবু টাঙ্গিয়ে দীর্ঘদিন বসবাস করে আসছিলেন। গভীর রাতে তাদের দুজনকে বিষধর সাপে কামড় দেয়।
রাতে স্থানীয় ওঝা ডেকে ঝাড়-ফুঁক করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ভোরে তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার কিছুক্ষণ পর একলু মিয়ার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. আসাদুজ্জামান বলেন, বিষধর সাপের কামড়ে বেদে একলু মিয়ার মৃত্যু হয়েছে। তার স্ত্রীও হাসপাতালে ভর্তি আছেন। তবে তার অবস্থা ভালো নয়।
