চলতি অ্যাশেজের লিডস টেস্টের প্রথম ইনিংসে অল্প রানে গুঁড়িয়ে যাওয়ার পর ইংল্যান্ডকেও সুবিধা করতে দেয়নি অস্ট্রেলিয়া। স্বাগতিকদের মাত্র ৬৭ রানে অলআউট করে জয়ের স্বপ্ন বুনেছে অতিথি দলটি। দ্বিতীয় ইনিংসে মার্নাস লাবুশেনের ব্যাটে লিড তিনশোর কাছাকাছি নিয়ে যাচ্ছে টিম পেইনের দল।
লিডসের হেডিংলেতে দ্বিতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ১৭১। লাবুশেন ৫৩ রানে অপরাজিত। ২ রান নিয়ে ব্যাট করছেন জেমন প্যাটিনসন। সব মিলিয়ে অজিদের লিড দাঁড়িয়েছে ২৮৩ রান। হাতে আছে চার উইকেট।
বৃহস্পতিবার টেস্টের প্রথম দিনে জোফরা আর্চারের আগুনে বোলিংয়ের সামনে ১৭৯ রানে অলআউট হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু আরও বেশি ব্যাটিং বিপর্যয় দেখেছে স্বাগতিক ইংল্যান্ড। জশ হেইজেলউড, প্যাট কামিন্স ও প্যাটিনসনের বোলিং শুরু থেকেই খেই হারায় ইংলিশরা। গুটিয়ে যায় মাত্র ৬৭ রানে! গত ৭১ বছরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের সর্বনিম্ন দলীয় ইনিংস এটি। ব্যাটসম্যানদের মধ্যে জো ডেনলি (১২) ছাড়া কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।
প্রথম ইনিংসে ১১২ রানের লিড আশা সঞ্চার করে অস্ট্রেলিয়া শিবিরে। দ্বিতীয় ইনিংসেও সফরকারী দলটিকে বিপদে ফেলতে চেষ্টা করেছে ইংলিশ বোলাররা। কিন্তু স্টুয়ার্ট ব্রড ও বেন স্টোকসের সামলে জয় পাওয়ার মতো মজবুত পুঁজি পেতে যাচ্ছে অজি দল। ত্রাতা হয়ে এসেছেন লাবুশেন। অর্ধশতক হাঁকানোর পরও উইকেটে মাটি কামড়ে লেগে আছেন তিনি। ইনিংসটি খেলার পথে গড়েছেন ছোট ছোট বেশ কয়েকটি কার্যকরী ইনিংস।
থিতু হয়ে ফিরেছেন উসমান খাওয়াজা (২৩), ট্র্যাভিস হেড (২৫), ম্যাথু ওয়েড (৩৩)।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের বোলারদের মধ্যে ব্রড ও স্টোকস দুটি করে উইকেট নিয়েছেন।
