জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ শোক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সোনারগাঁ আওয়ামী লীগের নেতারা এ আসনের জাতীয় পার্টির বর্তমান সাংসদ লিয়াকত হোসেন খোকাকে উদ্দেশ করে বলেন, বর্তমানে দেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় অথচ সোনারগাঁ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অত্যাচার-নির্যাতন সহ্য করতে হচ্ছে। জাতীয় পার্টির এমপি সোনারগাঁ আওয়ামী লীগকে ওরস্যালাইন মার্কা আওয়ামী লীগ বানাতে চান। রাজাকার পরিবারের সন্তানদের দিয়ে সোনারগাঁ আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি করা হয়েছে। আমরা এ বিতর্কিত কমিটি মানি না।
বক্তারা বলেন, শোকের মাস শেষ হওয়ার পর সোনারগাঁয়ে আওয়ামী লীগের মূল কাজ শুরু হবে। কোনো বহিরাগতকে সোনারগাঁয়ে ঢুকতে দেওয়া হবে না। জাতীয় পার্টির লোকজন যদি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে কিছু বলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। সোনারগাঁয়ের মাটিতে জামায়াত, বিএনপি ও জাতীয় পার্টিকে প্রতিহত করা হবে।
