বিমানে রাহুলকে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন কাশ্মীরি নারী (ভিডিও)

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ০৭:০০ পিএম

শনিবার জম্মু-কাশ্মীরে ঢুকতে দেওয়া হয়নি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। শ্রীনগর বিমানবন্দর থেকে তাকে সহ বিরোধী দলীয় প্রতিনিধি দলকে দিল্লিতে ফেরত পাঠানো হয়।

পূর্ব ঘোষণা অনুযায়ী কাশ্মীরের উদ্দেশ্যে দিল্লি থেকে বিমানে চড়ে রওনা দেন রাহুল গান্ধী। এ সময় তার সঙ্গে ছিলেন সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা, কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ, মাজিদ মেমন, জনতা দলের নেতা শরদ যাদব, রাষ্ট্রীয় জনতা দলের নেতা মনোজ ঝাঁ সহ অন্যান্য বিরোধী দলীয় নেতৃবৃন্দ।

বিমানের ভেতরে রাহুলকে সামনে পেয়ে এগিয়ে আসেন এক কাশ্মীরি নারী। রাহুলকে কাশ্মীরের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে কার্যত কান্নাই করে দিলেন তিনি।

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এক টুইটার পোস্টে, ভাই রাহুলের সঙ্গে ওই নারীর সাক্ষাতের ভিডিওটি প্রকাশ করেন।

৩৭০ ধারা বাতিলের পর কঠোর সামরিক নিরাপত্তায় অবরুদ্ধ কাশ্মীরের পরিস্থিতি ও দুর্দশা বর্ণনা করেন মধ্যবয়সী ওই কাশ্মীরি নারী।

রাহুলকে কাছে পেয়ে তিনি বলেন, “আমার ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত ঘর থেকে বের হতে দিচ্ছে না। আমার ভাই হৃদরোগে আক্রান্ত। ১০ দিন ধরে তাকে চিকিৎসক দেখাতে পারিনি। আমরা খুব বিপদে আছি।”

ভিডিওতে দেখা যায়, নিজেদের করুণ পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে একপর্যায়ে কেঁদে ফেলেন ওই নারী। রাহুলকে দেখা যায় তাকে সান্ত্বনা দিতে।

এদিকে বাধা পেয়ে দিল্লিতে ফিরে এসে রাহুল গান্ধী বলেন, “প্রশাসন আমাদের ফিরিয়ে দিয়ে প্রমাণ করল জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক নয়।”

প্রশাসনের আমন্ত্রণে কাশ্মীরে যেতে চাওয়া রাহুল গান্ধী বলেন, “আমরা সেখানে গিয়ে দেখতে চেয়েছি সেখানকার মানুষ কেমন আছে এবং আমরা তাদের কীভাবে সাহায্য করতে পারি। কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের বিমানবন্দর অতিক্রম করতে দেওয়া হলো না। আমাদের সঙ্গে থাকা সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করা হয়েছে। এখন এটা পরিষ্কার জম্মু ও কাশ্মীরের অবস্থা স্বাভাবিক নয়।”

কাশ্মীর পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সেখানে ইচ্ছা প্রকাশ করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল। টুইটারে তাকে আমন্ত্রণও জানিয়েছিলেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত