নীলক্ষেতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ০৯:১৮ পিএম

রাজধানীর নীলক্ষেত পেট্রল পাম্পের সামনে প্রাইভেটকারের ধাক্কায় আফসার উদ্দিন (৫৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করে।

নিহত আফসার উদ্দিন পুরান ঢাকার বংশালে মোটরসাইকেলের পার্টস ব্যবসায়ী ছিলেন। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে থাকতেন বংশাল ৮৯ নম্বর মুকিম বাজারে।

নিহতের ছোট ভাই মো. রিয়াজ উদ্দিন জানান, আফসার উদ্দিনের মেয়ে সামিয়া পলাশীর ইঞ্জিনিয়ারিং গার্লস স্কুলের ১০ শ্রেণিতে পড়ে। দুপুরে মেয়েকে আনতে যাওয়ার পথে পলাশী পেট্রল পাম্পে তেল নিতে গেলে একটি প্রাইভেটকার পেছন দিকে থেকে সজোরে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

লালবাগ থানার ওসি কে এম আশরাফ উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। চালককেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের পরিবার থেকে মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে পরিবার মামলা করতে চাচ্ছে না।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত