ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নের দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ০৯:৩২ পিএম

ঐতিহাসিক ফুলবাড়ী দিবস সামনে রেখে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অবিলম্বে ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়েছে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জালিয়াত ও প্রতারক জিসিএম কোম্পানির বিরুদ্ধে সরকারকে আইনগত ব্যবস্থা নিতে হবে। অবিলম্বে ফুলবাড়ী চুক্তি বাস্তবায়ন করতে হবে।

প্রসঙ্গত, সোমবার ঐতিহাসিক ফুলবাড়ী দিবস।

বিবৃতিতে সাইফুল হক বলেন, বিদেশি কোম্পানি এশিয়া এনার্জি জিসিএম নাম নিয়ে ফুলবাড়ীর কয়লা নিয়ে প্রতারণা ও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। যুক্তরাজ্য ভিত্তিক কোম্পানি গ্লোবাল কোল ম্যানেজমেন্ট জিসিএম এর সঙ্গে সরকারের কোন চুক্তি না থাকলেও ফুলবাড়ীর কয়লাকে পুঁজি করে লন্ডন স্টক এক্সচেঞ্জে তারা পুরোদমে শেয়ার ব্যবসা করে যাচ্ছে।

এ অবস্থায় জালিয়াত জিসিএম কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বিবৃতিতে তিনি ফুলবাড়ীর কয়লাসম্পদ রক্ষায় এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নের জন্য দাবি জানান। পাশাপাশি ফুলবাড়ী আন্দোলনের নেতাদের নামে দায়ে করার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান সাইফুল হক।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত