গত বছর শুটিং শেষ হয় নিরব হোসেন ও প্রিয়াঙ্কা সরকার অভিনীত ‘হৃদয় জুড়ে’ ছবির কাজ। এখন চলছে সম্পাদনা। সামনের দুর্গা পূজায় ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
পরিচালক জানিয়েছেন, চূড়ান্ত সম্পাদনার পর দেশীয় সিনেমার ইতিহাসে প্রথমবারের মতো ডলবি ডিজিটাল ৭.১ শব্দ সংযোজনসহ ‘হৃদয় জুড়ে’ ছবির আবহ সংগীতের কাজ সিঙ্গাপুরে শুরু হয়েছে। সিঙ্গাপুর থেকে সংগীত পরিচালক রুবেল ফ্লাইংকাটস ছবিটির আবহসংগীতের কাজটি করছেন।
ছবিটি কবে নাগাদ মুক্তি পাবে জানতে চাইলে পরিচালক রফিক শিকদার বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামী মাসের সুবিধাজনক সময়ে স্টার সিনেপ্লেক্স অথবা ব্লকবাস্টার সিনেমাসে সাংবাদিক ও দেশ বরেণ্য ব্যক্তিদের উদ্দেশ্যে ছবিটির বিশেষ প্রদর্শনী করা হবে। ইচ্ছে আছে আসন্ন দুর্গা পূজায় ছবিটি মুক্তি দেব।’
ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড প্রযোজিত ছবিটিতে চিত্রনায়ক নিরবের সঙ্গে জুটি হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা প্রিয়াংকা সরকার। এছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন নুশরাত পাপিয়া, সুব্রত, রেবেকা, কাজী হায়াৎ, ডন, শিবা শানু, রিনা খান ও যুবরাজ।
