পরিবেশ নিয়ে অতীতে অনেক উদ্যোগ নিয়েছেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিকাপ্রিও। তহবিল সংগ্রহের পাশাপাশি একাধিক চলচ্চিত্র নির্মাণ করেছেন। বক্তৃতা দিয়েছেন বিশ্বের উল্লেখযোগ্য অনেক ফোরামে।
এবার আমাজনের জন্য ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ তারকার নতুন উদ্যোগ আর্থ অ্যালায়েন্স ৫ মিলিয়ন ডলার তথা বাংলাদেশি মুদ্রায় ৪১ কোটি টাকা অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে।
ভারাইটির এক প্রতিবেদনে জানা যায়, দাবানলে পুড়তে থাকা আমাজন বন রক্ষার জন্য তহবিল তৈরিতে এই উদ্যোগ নিয়েছেন ডিকাপ্রিও। স্থানীয় সহযোগী ও আদিবাসী সম্প্রদায়ের সমর্থনে তার সংস্থা কাজ করছে। স্পর্শকাতর পরিবেশ রক্ষায় কাজ করছে এমন পাঁচটি স্থানীয় সংস্থাকে এই তহবিল দেওয়া হচ্ছে।
ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চের (আইএনপিই) বরাত দিয়ে ওই তহবিলের ওয়েবসাইটে বলা হচ্ছে, আমাজনে ৭২ হাজারের বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যা ২০১৮ সালের ৪০ হাজারের চেয়ে দ্রুতগতিতে বেড়েছে। মূলত পশু খামার ও শস্য উৎপাদনের জন্য বন ধ্বংস করা হচ্ছে এই অঞ্চলে।
ইতোমধ্যে একাধিক সেলিব্রিটি ‘পৃথিবীর ফুসফুস’-খ্যাত আমাজন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সোশ্যাল মিডিয়ায় সচেতনতা তৈরিতে কাজ করছেন। ডিকাপ্রিও এক ইনস্টাগ্রাম পোস্টে বলেন, আমাজন ছাড়া বৈশ্বিক উষ্ণায়নকে ঠেকানো যাবে না।
লরেন পাওয়েল জবস, ব্রায়ান সেথের সঙ্গে মিলে জুলাইয়ে আর্থ অ্যালায়েন্সের ঘোষণা দেন অস্কারজয়ী লিওনার্দো ডিকাপ্রিও। জলবায়ু পরিবর্তনকে সামনে রেখে এই সংস্থাটির নেতৃত্বে আছে বিজ্ঞানী ও সংরক্ষণবাদীদের নিয়ে একটি দল। যারা বাস্তুসংস্থান ও বন্য পরিবেশ রক্ষা, জলবায়ু সংক্রান্ত ন্যায় বিচার নিশ্চিত, নবায়নযোগ্য জ্বালানি সমর্থন ও আদিবাসীদের অধিকার রক্ষায় কাজ করছেন।
