সদরপুরে ঘরে ছিটানো কীটনাশকের বিষক্রিয়ায় মারা গেছে দুই শিশু। গত রবিবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই দুই শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ে।
বিষক্রিয়ায় মারা যাওয়া বোনেরা হলো চার বছর বয়সী শাহনাজ ও আড়াই বছর বয়সী মেহনাজ। তারা ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের ঠাকুরডাঙ্গী গ্রামের মোশাররফ খালাসীর মেয়ে। বাবা মোশাররফ খালাসী খাদ্যদ্রব্যের ব্যবসায়ী। ঘরে রাখা ওইসব খাদ্যদ্রব্যে তিনি গত রবিবার বিকেলে কীটনাশক স্প্রে করেন। পরে রাতে তার স্ত্রী ও তিন ছেলেমেয়ে অসুস্থ হয়ে পড়ে। ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাজবাড়ীর দৌলতদিয়ায় মেহনাজ এবং মানিকগঞ্জ এলাকায় শাহনাজের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদার বলেন, ধারণা করা হচ্ছে কোনো কারণে খাদ্যে বিষক্রিয়ায় ওই দুই শিশু মারা গেছে।
