ডেঙ্গুতে খুলনা ও যশোরে দুই নারীর মৃত্যু

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১০:১২ এএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা ও যশোরে দুই নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে সাড়ে ৪টায় শাহিদা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়।

এদিকে যশোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান রেবেকা বেগম (৫৫) নামের আরেক  নারী। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীর মৃত্যু হয়।

বিস্তারিত জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে-

খুলনায় ডেঙ্গু জ্বরে মারা যাওয়া শাহিদা পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের সাইদুর রহমানের স্ত্রী।

খুমেক হাসপাতালের আবাসিক ফিজিসিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস ডেঙ্গু রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহিদা মঙ্গলবার এখানে ভর্তি হয়েছিলেন। আজ (বুধবার) ভোরে মারা গেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, শাহিদা মঙ্গলবার রাত ৭টা ৪৫ মিনিটে খুমেক হাসপাতালে ভর্তি হন। তিনি বেশ কিছুদিন ধরে ডেঙ্গু রোগে ভুগছিলেন। ডেঙ্গু ছাড়াও তিনি ডায়াবেটিস ও লিভার রোগে আক্রান্ত ছিলেন।

এদিকে যশোরে ডেঙ্গুতে মারা যাওয়া রেবেকা বেগম মণিরামপুর উপজেলার রাজবাড়িয়া গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী।

হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হন রেবেকা বেগম। ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।

ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. ওবায়দুল কাদের উজ্জ্বল জানান, হাসপাতালে ভর্তির সময় রেবেকা বেগমের রক্তের প্লাটিলেট ছিল ৪৪ হাজার ৩৬৭। এছাড়া তার এমএস-১, আইজিজি ও আইজিএম সকল রিপোর্টই পজেটিভ ছিল। সোমবার দুপুরেই তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছিল।

হাসপাতালে রেবেকা বেগমের স্বজনরা জানান, চার দিন জ্বরে আক্রান্ত থাকার পর তাকে হাসপাতালে নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত