আরবাজ খানের সঙ্গে মালাইকা আরোরার বিচ্ছেদ হয়েছে কয়েক বছর হলো। তবে এই হাই প্রোফাইল ডিভোর্সের কারণ এখনো অজ্ঞাত।
বড় বোনের বিচ্ছেদের পরও আরবাজের সঙ্গে সম্পর্ক ভালো অমৃতা আরোরার। দুই বন্ধুকে মাঝে মধ্যেই একসঙ্গে দেখা যায়। যা নিয়ে কম জল্পনা হয়নি। বিষয়টি নিয়ে মুখ খুললেন এক সময়ের নায়িকা অমৃতা।
সম্প্রতি পিঙ্কভিলার এক সাক্ষাৎকারে হাজির হন ‘আরোরা সিস্টার্স’- মালাইকা ও অমৃতা। সেই সময় স্বভাবতই উঠে আসে আরবাজ প্রসঙ্গ।
মালাইকা-আরবাজের বিচ্ছেদের সময় ভালো বন্ধু হয়েও অমৃতা কেন বাধা দেননি? এ বিষয়ে প্রশ্ন করা হলে জানান, তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন দুজনকেই। সংসার টিকিয়ে রাখাও চেষ্টা করেন। কিন্তু দুজন স্বাবলম্বী মানুষের সিদ্ধান্তই সবাইকে মেনে নিতে হয়। এ ছাড়া কোনো উপায় ছিল না।
আরও জানান, বড় বোনের সঙ্গে সালমান খানের ভাইয়ের বিচ্ছেদ হয়ে গেলেও আরবাজ তার ভালো বন্ধু। এমনকি আরবাজকে তার পরিবার এখনো ছেলের মতোই দেখে।
এদিকে মালাইকা জানান, আরবাজ তার সন্তানের বাবা। তাই আরোরা পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে- তা অস্বীকার করার কোনো উপায় নেই।
তবে ওই অনুষ্ঠানে মালাইকার বর্তমান প্রেমিক অর্জুন কাপুরকে নিয়ে মন্তব্য করেননি অমৃতা।
