চট্টগ্রামের পটিয়া উপজেলা যুবলীগের এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা ৭টার দিকে পটিয়ার মিলিটারিপুল এলাকায় মোস্তফা পেপার মিলের সামনে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মোজাম্মেল হক লিটন (২৬) উপজেলা যুবলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক। তিনি হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামের হাজী আজিজুর রহমানের ছেলে।
স্থানীয় ও যুবলীগ সূত্রে জানা গেছে, হাবিলাসদ্বীপ এলাকায় বালু মহালের আধিপত্যের জেরে প্রতিপক্ষের লোকজন লিটনকে গুলি করেছে।
পটিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম এ রহিম বলেন, ধলঘাট ইউনিয়নে শোক দিবসের আলোচনা সভা শেষে যুবলীগ সভাপতি মোহাম্মদ বেলালসহ আমরা প্রাইভেটকারযোগে ফিরছিলাম।
পটিয়ার পাঁচুরিয়া এলাকায় এলে সিগন্যাল দিয়ে স্থানীয় লোকজন গাড়ি থামায়।
তখন গুলিবিদ্ধ লিটনকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নগরীর চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে আসি। এখন তিনি অপারেশন থিয়েটারে রয়েছে।
তবে কি কারণে ঘটনা ঘটেছে তা তিনি জানেন না বলে উল্লেখ করেছেন যুবলীগের এই নেতা।
এ ব্যাপারে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, কী কারণে উপজেলা যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন তা তাৎক্ষণিক জানা সম্ভব হচ্ছে না। তবে আমরা এখনো কোনো ধরনের লিখিত অভিযোগ পাইনি, পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পটিয়া থানা পুলিশ অবস্থান করছে।
