আন্তর্জাতিক তারুণ্যের চলচ্চিত্র উৎসব সেপ্টেম্বরে

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১০:০২ পিএম

লেটস সিনেমা! স্লোগান নিয়ে এবার ময়মনসিংহে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক তারুণ্যের চলচ্চিত্র উৎসব- গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ’(জিওয়াইএফএফবি ১৯)। উৎসবে দেশ-বিদেশের ৭৪ টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবং বেশ কয়েকজন আন্তর্জাতিক নির্মাতা উপস্থিত থাকবেন বলে আশা করছেন আয়োজকেরা। চলচ্চিত্র সংসদ সিনেমা বাংলাদেশ  এর আয়োজনে ৫-৭ সেপ্টেম্বর বিশ্ব চলচ্চিত্রের তরুণ নির্মাতাদের এই আসর বসবে শহরের শিল্পকলা একাডেমির মিলনায়তনে।

উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জমা পড়েছে বিশ্বের ১০১ টি দেশের তরুণদের নির্মিত প্রায় ১৭০০ চলচ্চিত্র। ৭ সেপ্টেম্বর সমাপনী দিনে বিচারকের রায়ে পুরস্কারপ্রাপ্ত সেরা আটটি চলচ্চিত্রের নাম ঘোষণা করা হবে।

উৎসবের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী, ৭২তম কান চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালন করা ফিপরেসকি (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস) সদস্য সাদিয়া খালিদ এবং আলোচিত ইরানি নির্মাতা মোর্তেজা ফার্শবাফ।

উৎসবের প্রযোজক ও তরুণ নির্মাতা হেমন্ত সাদীক জানান, গত উৎসব থেকে বাংলা তথা ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্রের পথিকৃৎ হীরালাল সেন এর নামে একটি পুরস্কারের প্রবর্তন করেছে গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ এর আয়োজক কমিটি। এবার বাংলাদেশি তরুণদের শতাধিক চলচ্চিত্র জমা পড়েছে ‘হীরালাল সেন শ্রেষ্ঠ বাংলাদেশি চলচ্চিত্র’ বিভাগে। এই বিভাগের বিচারক হিসেবে আছেন নির্মাতা নূরুল আলম আতিক, নির্মাতা ও চলচ্চিত্র শিক্ষক জাহিদুর রহমান অঞ্জন এবং খ্যাতনামা স্থপতি-নির্মাতা এনামুল করিম নির্ঝর।

এ ছাড়া উৎসবের অংশ হিসেবে দেশ-বিদেশের ৫০ জন নির্মাতার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে একটি চলচ্চিত্র নির্মাণ কর্মশালা। যাতে নির্মাতা গোলাম রাব্বানী বিপ্লব, প্রসূন রহমান, জসীম আহমেদ, কথাশিল্পী সাদাত হোসাইন প্রমুখ প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন।

সিনেমা বাংলাদেশ এর সাধারণ সম্পাদক জিসান মাহাদি জানান, লক্ষ্মীপুর ও রংপুরে সফলভাবে দু’টি উৎসব আয়োজনের পর এটি সিনেমা বাংলাদেশ এর তৃতীয় আয়োজন। পর্যায়ক্রমে এটি দেশের অন্যান্য অঞ্চলেও আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

প্রতিযোগিতার বাইরে এই সময়ের আলোচিত তিনটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে ‘আমন্ত্রিত চলচ্চিত্র বিভাগে’।

উৎসব সমন্বয়ক আসমা আখতার লিজা জানান, এরই মধ্যে উৎসবটি নিয়ে ব্যাপক সাড়া পড়েছে ময়মনসিংহে। পৃথিবীর নানা প্রান্তের নির্মাতারা বাংলাদেশ ও ময়মনসিংহকে মেনশন করে তাদের চলচ্চিত্র নির্বাচিত হবার সংবাদ শেয়ার করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ময়মনসিংহে আসার আগ্রহ প্রকাশ করছেন। বিষয়টি নিয়ে এই অঞ্চলের তরুণেরা খুবই উচ্ছ্বসিত।

উৎসবসূচী ও অন্যান্য তথ্যাদি পাওয়া যাবে cinemabangladesh.org এই সাইটে। উৎসবের চলচ্চিত্র দেখতে কোন ফি দিতে হবে না বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত