এবার অজ্ঞানপার্টি ট্রাফিক পুলিশের সার্জেন্টের পরিবারকে অজ্ঞান করে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কারসহ দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে। গত বুধবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার কানিকশালগাঁওয়ে এ ঘটনা ঘটে। ওই পরিবারের ছয়জনকে ভর্তি করা হয়েছে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে।
পারিবারিক সূত্রে জানা যায়, ছুটিতে বাড়ি আসা ঢাকায় কর্মরত ট্রাফিক সার্জেন্ট শাহাদত আলীর বাবা কানিকশালগাঁওয়ের মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিলের পরিবারের লোকজন গত বুধবার দুপুরের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। সন্ধ্যায়ও তাদের ঘুমের ভাব কাটেনি। এ অবস্থাতেই রাতের খাবার খেয়ে তারা আবার ঘুমিয়ে পড়েন। পরে গতকাল বৃহস্পতিবার সকালে তারা ঘুম থেকে উঠে দেখেন ঘরের দরজা ভাঙা, জিনিসপত্র ছড়ানো-ছিটানো ও আলমারিতে থাকা স্বর্ণালঙ্কার ও টাকাপয়সা নেই।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ফারহানা আক্তার মিতু বলেন, খাবারের সঙ্গে তাদের ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে। বর্তমানে তারা শঙ্কামুক্ত।
রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার বর্মণ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
