কাশ্মীরের পূর্ণাঙ্গ স্বাধীনতার দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মুসুল্লিরা।
শুক্রবার জুমার নামাজের পর সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় সাভার ও আশুলিয়ার মুসুল্লিদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন হয়।
পুলিশ জানায়, বিক্ষোভকারীদের সড়কে নামতে নিষেধ করলেও তারা তা মানেননি।
সাভার যাদুরচর মাদ্রাসার মুহতামিম মাওলানা আলী আকবরের সভাপতিত্বে সাভার সিটি সেন্টারের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আ. মান্নান পাটোয়ারি, মাওলানা আযম, মাওলানা কাওসার হোসাইন, মাওলানা নাজমুল হাসান বিন নূরী, মুফতি সুলতান মাহমুদ, মুফতি নাজমুল ইসলাম শাকিন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা বলেন, বিজেপি সরকার ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলুপ্ত করে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছে। টেলিফোন, ইন্টারনেট বন্ধ করে কারফিউ জারি করে কাশ্মীরকে একটি জেলখানায় পরিনত করেছে।
তারা বলেন, কাশ্মীরকে বিচ্ছিন্ন করে গুম, খুন ও নির্যাতন চালিয়ে সেখানকার জনগণের স্বাধীনতা ঠেকান যাবে না।
বক্তারা আরো বলেন, বালাদেশের মুসলমানরা কাশ্মীরিদের পাশে আছে এবং থাকবে। তারা জাতিসংঘ এবং ওআইসিসহ আন্তর্জাতিক সংস্থাকে বিষয়টি সমাধানে জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
সমাবেশের পর মুসুল্লীরা কাশ্মীরে গণহত্যা বন্ধ এবং স্বাধীনতার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করলে প্রায় ঘণ্টাখানেক সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
এ সময় কয়েক হাজার মুসুল্লী বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলটি সাভার সিটি সেন্টারের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা দিয়ে ঘুরে সাভার নিউমার্কেটের সামনে শেষ হয়।
সবশেষে কাশ্মীরের স্বাধীনতার জন্য এবং তাদের ওপর হামলা বন্ধে বিশেষ দোয়া করা হয়।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকারিয়া হোসেন দেশ রূপান্তরকে বলেন, আমরা চেষ্টা করেছি যাতে শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হয়। তবে সড়ক অবরোধ করে রাখায় ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে যানজট দেখা দেয়।
