নারায়ণগঞ্জে সহকর্মীর ছুরিকাঘাতে শ্রমিক খুন

আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ০২:০৬ এএম

নারায়ণগঞ্জে সহকর্মীর ছুরিকাঘাতে আরিফ হোসেন (১৮) নামে এক হোসিয়ারি শ্রমিক নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর টানবাজার এলাকার শীতলক্ষ্যা নদীতীরে এ ঘটনা ঘটে। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আরিফকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার সহকর্মী মিরাজ হোসেনকে (১৮) আটক করা হয়েছে।

নিহত আরিফ নগরীর নিতাইগঞ্জ ঋষিপাড়া এলাকার আবদুল মতিনের ছেলে। তিনি রিভারভিউ মার্কেটের একটি হোসিয়ারি কারখানার শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা দেশ রূপান্তরকে জানান, নিহত আরিফ কয়েক সপ্তাহ আগে সোহরাব হোসেন নামে তার এক সহকর্মীর কাছ থেকে দেড় হাজার টাকা ধার নেন। সোহরাব ওই টাকা ফেরত চাইলে আরিফ তাকে বিভিন্ন অছিলায় ঘোরাচ্ছিলেন এবং তার সঙ্গে খারাপ আচরণ করেন। এর জেরে বৃহস্পতিবার রাতে কারখানায় কাজ শেষে বাড়ি ফেরার পথে সোহরাব আরিফকে ডেকে শীতলক্ষ্যা নদীর তীরে নিয়ে যায়। সেখানে মিরাজসহ আরও কয়েকজন যুবক আগে থেকেই উপস্থিত ছিল। এ সময় সোহরাব পুনরায় আরিফের কাছে পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে বাগ্্বিত-া হয়। একপর্যায়ে আরিফের ওপর হামলা চালায় সোহরাব ও তার সহযোগীরা। তারা আরিফের বুকসহ শরীরের কয়েক জায়গায় ছুরি দিয়ে আঘাত করে। তখন আরিফের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে মিরাজকে ধরে ফেললেও অন্যরা পালিয়ে যায়। পরে এলাকার কয়েকজন বাসিন্দা আরিফকে উদ্ধার করে শহরের খানপুর এলাকার ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, ‘আরিফ হত্যায় ব্যবহৃত ছুরিটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক সোহরাবসহ অন্য যুবকদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘আরিফের কাছে টাকা পাওনা ছিল কি না, সেটা আমাদের জানা নেই। আর যদি পাওনা থেকেই থাকে তাহলে আমাদের জানালে আমরা দিয়ে দিতাম। তাই বলে এভাবে মেরে ফেলতে হবে? আমরা এ হত্যার সুষ্ঠু বিচার চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত