কুষ্টিয়ায় সাবেক স্ত্রীকে অপহরণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় দুইজনকে ১৭ বছর ও ৪ জনের ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই কারাদণ্ডাদেশ দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মজিবুর রহমান প্রামাণিক সিরাজগঞ্জ জেলার সাহাজাদপুর থানার বনগ্রামের মৃত মকছেদ আলী প্রামাণিকের ছেলে।
এছাড়াও পাবনা জেলার মসজিদ ব্র্যাক এলাকার সোনা মিয়ার ছেলে আক্তার হোসেন ও পাবনা সদর উপজেলার খোদাইরপুর খলিফাপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মনিরুল ইসলামকে ১৭ বছর এবং পাবনা সদর উপজেলার নতুন বাঙ্গাবাড়ীয়া এলাকার ইয়াসিন আলী প্রামাণিকের ছেলে মনিরুল ইসলাম রানা ও ইসরাইল সরদারের ছেলে সোহাগ সরদার, মালিগাছা মধ্যপাড়া গ্রামের আব্দুল মান্নান সরদারের ছেলে আশরাফুল ইসলাম, একই গ্রামের আফাই মোল্লার ছেলে রনি হোসেনকে ১৪ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৯ মার্চ দণ্ডপ্রাপ্তরা কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া থেকে আসমাউল হুসনা কবিতাকে অপহরণ করে নেওয়ার সময় ভেড়ামারার লালনশাহ সেতুর টোলপ্লাজায় পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এই ঘটনায় আসমাউল হুসনা কবিতা ৯ জনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। থানা পুলিশ ২০১৭ সালের ৩০ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে।
আদালত সাক্ষ্যপ্রমাণ শেষে তিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সেই সঙ্গে আসামিদের কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণের আদেশ দেন।
কুষ্টিয়া জজ কোর্টের পিপি (নারী ও শিশু) অ্যাড. মেহেদী হাসান সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী আসমাউল হুসনা কবিতা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মজিবুর রহমান প্রামাণিকের সাবেক স্ত্রী।
