লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ৯ম শ্রেণির ৫ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মাহাবুবুর রশিদ তালুকদার।
রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, গঠিত তদন্ত কমিটি শনিবার সন্ধায় তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়েছেন।
তদন্ত কমিটির প্রধান ও প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান জানান, ছাত্রীদের যৌন নিপীড়নের প্রমাণ পাওয়ায় অভিযুক্ত শিক্ষক লিটন চন্দ্র সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এর আগে ওই ৫ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় লোকজনের সাথে একাধিকবার কথা বলে সত্যতা পাওয়া যায়।
উল্লেখ্য, লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক লিটন চন্দ্র সরকার দীর্ঘদিন ধরে ৯ম-১০ম (ভোকেশনাল) শ্রেণির শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের সামনের একটি কক্ষে প্রাইভেট পড়াতেন।
খাতায় নম্বর বেশি দেওয়ার লোভ ও পরীক্ষায় ফেল করে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে ৫ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে শিক্ষক লিটন চন্দ্র সরকারের বিরুদ্ধে।
যৌন নিপীড়নের ঘটনায় ১৯ আগস্ট অভিযুক্ত শিক্ষক লিচন চন্দ্র সরকারের বিচার চেয়ে ৫ শিক্ষার্থী অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, প্রতিষ্ঠানের চিফ ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স মো. আরিফুর রহমান ও লাভলী ত্রিপুরা। উক্ত কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন অধ্যক্ষ।
এদিকে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ ওঠার পর অভিযুক্ত শিক্ষক লিটন চন্দ্র সরকারকে কর্তৃপক্ষ কৌশলে ছুটিতে পাঠানোয় অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
