রাজশাহীর ডিসির মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১২:১০ এএম

রাজশাহী জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে বাগমারা উপজেলার চেয়ারম্যানের কাছে চাঁদা দাবি করা হয়েছে।

রবিবার দুপুরে চেয়ারম্যান অনিল কুমার সরকারের কাছে প্রকল্প দেওয়ার নাম করে এক লাখ টাকা চাওয়া হয়।

উপজেলা চেয়ারম্যান বলেন, ‘দুপুর ১২টার দিকে আমার ব্যক্তিগত ফোনে জেলা প্রশাসকের নম্বর থেকে ফোন আসে। সেই নম্বর থেকে পরিচয় দিয়ে তার একটি ব্যক্তিগত নম্বর দেন বিস্তারিত কথা বলার জন্য। কল করলে ওই নাম্বার থেকে বলা হয়– আপনার ভাগ্য ভালো। আপনার জন্য একটা সুখবর আছে। আপনি কি চান– টিআর না কাবিখা। আপনি যেটা চাইবেন সেটাই পাবেন। তবে এর জন্য আপনাকে একটা তাড়াতাড়ি প্রকল্প দিতে হবে। সেই সঙ্গে এর জন্য একটি বিকাশ নম্বরে এক লাখ টাকা পাঠাইতে হবে।’

অনিল কুমার আরও বলেন, ‘বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। তিনি এ কথা জেলা প্রশাসক হামিদুল হককে জানান।’

তিনি বলেন, ‘যারা ডিসির ফোন নম্বর ক্লোন করে এ রকম কর্মকাণ্ড চালাচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক। এই চক্রের ফাঁদে পড়ে অনেকেই সরল বিশ্বাসে বিকাশে টাকা দিতে বাধ্য হবে। তাই কেউ যেন এই চক্রের খপ্পরে না পড়ে সে ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে।

এদিকে, ঘটনাটি শোনার পর এ নিয়ে সবাইকে সতর্ক করেছেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক। তিনি তার ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন, ‘জেলা প্রশাসকের নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তিকে ফোন করে অন্যায় আবদার করা হচ্ছে। সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত