ঢাকার বাংলামোটর মোড়ে বাসচাপায় বিআইডব্লিউটিসির কর্মকর্তা কৃষ্ণা রানী চৌধুরীর পা হারানোর ঘটনায় ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের বাসের চালক মোরশেদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মিরপুরের কাজীপাড়া থেকে মোরশেদকে গ্রেপ্তার করা হয়।
পিবিআইয়ের ঢাকা মেট্রোর (উত্তর) পরিদর্শক মো. জুয়েল মিঞার জুয়েল মিঞা জানান, কৃষ্ণাকে চাপা দেওয়ার পর মোরশেদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বড়টিয়ায় নিজ গ্রামে পালিয়ে যান। গ্রামের বাড়ি থেকে তিনি গতকাল ঢাকায় চলে আসেন। রাতে রাজধানীর মিরপুরের কাজীপাড়া এলাকায় ঘোরাঘুরি করছিলেন মোরশেদ। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গত ২৭ আগস্ট দুপুরে রাজধানীর বাংলামোটর মোড়ের ফুটপাতে হাঁটছিলেন কৃষ্ণা রায়। তখন ট্রাস্ট ট্রান্সপোর্টের বেপরোয়া গতির একটি বাস রাস্তা থেকে ফুটপাতে উঠে তাকে চাপা দেয়। এতে তার বাঁ পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনায় গুরুতর আহত কৃষ্ণা রায় চৌধুরীর বাঁ পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়েছে। তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
কৃষ্ণা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) হিসাবরক্ষণ বিভাগের সহকারী ব্যবস্থাপক। এক মেয়ে ও এক ছেলে রয়েছে তার। পরিবার নিয়ে রাজধানীর টিকাটুলি এলাকায় থাকেন তিনি।
