কলগার্ল পরিচয় দিয়ে এক টলিউড অভিনেত্রীর নামে পোস্টার লাগানো কলকাতার বিভিন্ন জায়গায়। এতে যুক্ত করে দেওয়া হয়েছে নাম ও ছবিও।
সোমবার জি নিউজ জানায়, উঠতি এই অভিনেত্রীর নাম বৃষ্টি রায়। বিভিন্ন ট্রেন ও স্টেশন সংলগ্ন জায়গায় তার নামে এই আপত্তিকর পোস্টার লাগানো হয়।
এ দিকে ফোনে একের পর এক কুপ্রস্তাবে দুর্বিষহ দিন নেমে এসেছে তার জীবনে। ফোন রিসিভ করলেই দেওয়া হচ্ছে অশ্লীল প্রস্তাব। শেষপর্যন্ত তিনি পুলিশে দ্বারস্থ হন।
অভিযোগে বৃষ্টি রায় জানান, গত ২৪ জুলাই প্রথম একটি অচেনা নম্বর থেকে ফোন পান ওই অভিনেত্রী। এতে তাকে কুপ্রস্তাব দেওয়া হয়। তারপর একের পর এক একই ধরনের প্রস্তাব আসতে থাকে তার কাছে।
কীভাবে তার নম্বর ছড়িয়ে পড়েছে, প্রথমে তা বুঝতে পারেননি ওই অভিনেত্রী। পরে তার এক বন্ধু একটি স্থানে ওই অভিনেত্রীর ফেসবুকের ছবি ও মোবাইল নম্বর দেওয়া একটি পোস্টার দেখতে পান। ওই বন্ধুই পোস্টারের ছবি তুলে ও ফোন করে তাকে পুরো বিষয়টি জানান।
এরপর গত ২৮শে জুলাই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই অভিনেত্রী। তার অভিযোগ, পুলিশকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। কে বা কারা এর সঙ্গে জড়িত, কিছুই জানেন না তিনি। এ নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশ করেছেন।
