আশুলিয়ায় শ্রমিক ছাঁটাই ও কারখানায় মোবাইল ফোন নিষিদ্ধ করার প্রতিবাদে দুটি তৈরি পোশাক কারখানায় কর্মবিরতিসহ বিক্ষোভ কর্মসূচি করছে শ্রমিকরা। গতকাল সোমবার সকাল থেকে আশুলিয়ার শিমুলতলা এলাকায় অবস্থিত ‘নাবা নিট কম্পোজিট লিমিটেড’ ও জামগড়া এলাকার ইএসকেই ক্লথিকং লিমিটেড নামক দুটি পোশাক কারখানায় এই কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করে শ্রমিকরা।
বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করে, গত বৃহস্পতিবার কোনো কারণ ছাড়াই বিনা নোটিসে ‘পিসি’ কমিটির সদস্যসহ ৩০ জন শ্রমিককে ছাঁটাই করে কর্তৃপক্ষ। তাই উদ্দেশ্যমূলকভাবে ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত কর্মবিরতি ও বিক্ষোভ করার উদ্যোগ নিয়েছে সব শ্রমিক।
নাবা নিট কম্পোজিট লিমিটেডের সুইং অপারেটর জাকির বলেন, আমরা ছাঁটাই আতঙ্কে আছি। আমাদেরও যেকোনো সময় ছাঁটাই করতে পারে। যেখানে ‘পিসি কমিটির’ লোকজনকে ছাঁটাই করা হয়েছে সেখানে আমাদের কী নিশ্চয়তা আছে। তাছাড়া তাদের ছাঁটাইয়ের পরপর কারখানার নিয়মকানুনে অনেক পরিবর্তন করেছে। আগে আমরা কারখানায় মোবাইল ফোন আনতে পারতাম এখন আনতে দিচ্ছে না। এ সময় তিনি ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল এবং কারখানায় মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়ার দাবি জানান।
এ প্রসঙ্গে জানতে চাইলে কারখানার ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) আদম আলী বলেন, আসলে আমাদের কারখানায় কাজের চাপ কমে গেছে।
