আগের ম্যাচেও শেষ ওভারে জয় তুলে নিয়েছিল নিউজিল্যান্ড। মঙ্গলবার পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিও শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে সফরকারী দল। তিন ম্যাচের সিরিজ ২-০ এ নিজেদের করল কিউইরা।
এদিন লাসিথ মালিঙ্গার দলকে ৪ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। টস জিতে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৬১ রানের পুঁজি পায় স্বাগতিকরা। জবাবে কলিন ডি গ্র্যান্ডহোম ও টমি ব্রুসের ১০৯ রানের জুটিতে ভর করে ম্যাচ জেতে কিউইরা। দুজনই পেয়েছেন ফিফটির দেখা।
ম্যাচের আসল মুহূর্তের কথা বললে বলতে হবে শেষ ওভারের কথা। ৬ উইকেট হাতে রেখে ৭ রান প্রয়োজন ছিল কিউইদের। ওয়ানিন্দু হাসারাঙ্গা প্রথম দুই বলেই তুলে নেন উইকেট। নাটক জমে ওঠে তাতে। তৃতীয় বলটায় মিচেল সান্টনার হাঁকান সজোরে। বাউন্ডারি সেটি তালুবন্দী করে ফেলেছেন সিহান জয়াসুরিয়া।
কিন্তু শেষ মুহূর্তে ডিপ উইকেটের ওই জায়গাটায় কুশল মেন্ডিসের সঙ্গে ধাক্কা লাগে তার। ভারসাম্য রাখতে পারেননি জয়াসুরিয়া। বল মুঠোবন্দী করলেও তার পা লাগে সীমানা দড়িতে। আউটের বদলে ছক্কা হয়ে যায় তাতে। পরের বলে সান্টনার বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন।
রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। দলীয় ৩৮ রানে নেই ৩ উইকেট। ৩টি উইকেটই শিকার আকিলা দনাঞ্জয়ার। সেই চাপ সামলে চতুর্থ উইকেটে ১০৯ রানে জুটি গড়েন গ্র্যান্ডহোম ও ব্রুস। গ্র্যান্ডহোম সর্বোচ্চ ৫৯ ও ব্রুস ৫৩ রান করেন। লঙ্কানদের পক্ষে আকিলা সর্বাধিক ৩ উইকেট নেন।
এর আগে মেন্ডিসের ২৬, আভিস্কা ফার্নান্দোর ২৫ বলে ৩৭ এবং নিরোশান ডিকভেলার সর্বোচ্চ ৩০ বলে ৩৯ রানে লড়াইয়ের পুঁজি পায় শ্রীলঙ্কা। কিউই পেসার রেন্স সর্বাধিক ৩টি এবং সাউদি ও কুগেলিন ২টি করে উইকেট নেন।
ম্যাচ সেরা হয়েছেন টিম সাউদি। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার।
