শারীরিক প্রতিবন্ধী টিপু সিকদার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ঠিকমতো চলাফেরা করতে পারেন না। তাই কলেজপড়ুয়া ছেলে প্রতিদিন মোটরসাইকেলে করে বাবাকে স্কুলে পৌঁছে দিতেন। টিপু সুলতানের সেই ভরসা শেষ হয়ে গেল আজ।
শিবচর উপজেলার ঠেঙ্গামারা এলাকার ছেলে রাকিব হোসেন (১৮) সড়ক দুর্ঘটনায় বুধবার দুপুরে নিহত হয়েছেন। তিনি সরকারি বরহামগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাকিব তার নিজ মোটরসাইকেলে তার বাবা (শারীরিক প্রতিবন্ধী) টিপু সিকদারকে (সহকারী শিক্ষক, কাঠালবাড়ি উচ্চ বিদ্যালয়, শিবচর) স্কুলে পৌঁছে দেন। বুধবার সকাল ১০টার দিকে তার বাবাকে স্কুলে পৌঁছে দিয়ে দুপুর ১টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কে কাঠালবাড়ি ঘাট এলাকার সীমানা নামক এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি লোকাল বাস তার মোটরসাইকলকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান। এতে মাথা ও শরীরে মারাত্মক আহত পেয়ে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।
রাকিবের বাবা টিপু সিকদার বলেন, ‘স্কুলে আসার একমাত্র ভরসা আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেল। আমার আশা-ভরসা সব শেষ হয়ে গেল। আমাকে এখন আর কেউ স্কুলে নামিয়ে দিয়ে আসবে না।’
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক মো. গোলাম মোস্তফা জানান, বাস ও এর চালককে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
