কাশ্মীর ইস্যুতে সমালোচনা করায় শ্রীনগরের মেয়র গৃহবন্দী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২০ পিএম

কাশ্মীর নিয়ে নয়াদিল্লির সিদ্ধান্তের সমালোচনা করায় শ্রীনগরের মেয়র জুনায়েদ আজিম মাতুকে গৃহবন্দী করা হয়েছে।

দিল্লিতে এনডিটিভি চ্যানেলকে এক সাক্ষাৎকারে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার নিন্দা জানিয়েছিলেন এই তরুণ কাশ্মীরি নেতা।

দ্য কুইন্ট জানায়, মঙ্গলবার দিল্লি থেকে ফেরার পর কাশ্মীরের সবচেয়ে বড় শহরের এই মেয়রকে গৃহবন্দী করে নিরাপত্তা বাহিনী।

চিকিৎসার উদ্দেশে দিল্লিতে গেলে সেখানে এনডিটিভিকে কাশ্মীর ইস্যু নিয়ে সাক্ষাৎকার দেন জম্মু-কাশ্মীর পিপলস কনফারেন্সের (জেকেপিসি) এই মুখপাত্র।

কাশ্মীরের মূলধারার রাজনৈতিক নেতৃত্বকে গ্রেপ্তারের নিন্দা জানান শ্রীনগরের মেয়র।

ওই সাক্ষাৎকারে তিনি বলেন, “বহু বছর ধরেই কাশ্মীরে রাজনৈতিক কর্মীরা মূল স্রোতে টিকে থাকার জন্য সন্ত্রাসবাদীদের হুমকির মুখে পড়েছেন এবং নিজেদের সাহস দেখিয়েছেন। তবে আজ তারা আতঙ্কিত ও নিষ্ঠুরতার শিকার হয়েছেন,”

আগস্টের শুরুতে সংবিধান থেকে ৩৭০ ধারা তুলে নিয়ে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে বিজেপি সরকার।

তার আগের রাত থেকে রাজ্যটিতে আরোপ করা হয় কঠোর নিরাপত্তা পরিস্থিতি। দুই সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহর সঙ্গে গ্রেপ্তার করা হয় জেকেপিসির প্রধান নেতা সাজ্জাদ লোনকেও।

এখন পর্যন্ত অন্তত ৪ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয় রাজ্যটিতে। যাদের মধ্যে ৪০০ এরও অধিক স্থানীয় রাজনৈতিক নেতা।  

জুনায়েদ বলেন, “উগ্র সিদ্ধান্তের পরে সংবেদনশীলতার কথা বলে স্থিতাবস্থা দেখানোর প্রচেষ্টার মানে পরিস্থিতি স্বাভাবিক তা নয়। বিজেপি সরকারের আটক করার নীতি পুরোপুরি কার্যকর বলেই মনে হচ্ছে কাশ্মীরে।”

কঠোর নিরাপত্তা জারির সমালোচনায় শ্রীনগর মেয়র বলেন, “যদিও কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছে যে পরিস্থিতি ধীরে ধীরে সহজ হবে। এখনো অনেক পরিবার আছে যারা তাদের প্রিয়জনের সঙ্গে যোগাযোগই করতে পারেনি।”

এই তরুণ নেতার ভাষ্য, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্ত তার মধ্যে ‘অস্তিত্বের সংকট' সৃষ্টি করেছিল। কারণ এটিই তার পরিচয়ের একমাত্র ভিত্তি ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত