মেয়ে বন্ধুকে নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে মোহাম্মদপুরের চান মিয়া হাউজিংয়ে কিশোর মহসিনকে (১৪) খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকা-ের শিকার মহসিনের লাশ গতকাল বৃহস্পতিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মহসিন হত্যার ঘটনায় চান মিয়া হাউজিং ও কাঁটাসুর এলাকার ১৩ জন কিশোর ও তরুণকে আসামি করে মামলা করেছেন মহসিনের ভাই। তাদের মধ্যে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মোহাম্মদপুর থানার ওসি গণেশ গোপাল বিশ্বাস দেশ রূপান্তরকে বলেন, মামলার এজাহার নামীয় এক নম্বর আসামি রকি (১৮) ও আসিফকে (১৮) গ্রেপ্তার করা হয়েছে। অপর ১১ আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। তিনি আরও জানান, স্থানীয় একটি মেয়েকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে বিরোধের জেরে এই হত্যাকা- ঘটেছে। ওই মেয়েকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ওয়াহিদুল ইসলাম জানান, মহসিন ও তার বন্ধু রুবেল বুধবার দুপুরে তাদের এক মেয়ে বন্ধুকে নিয়ে ঢাকা উদ্যানে আড্ডা দিচ্ছিল। ওই সময় কাঁটাসুরের কয়েকজন কিশোর-তরুণ গিয়ে আপত্তিকর মন্তব্য করে। মহসিন ও রুবেল এর প্রতিবাদ করায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে কাঁটাসুরের ওই কিশোর গ্রুপ মহসিনের ওপর ছুরি-চাপাতি নিয়ে হামলা করে।
