ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সমুদ্রসম্পদ উন্নয়নে ১৭ দফা কর্মসূচি ঘোষণা করেছে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)। দুদিনব্যাপী সম্মেলনের শেষ দিন গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
আইওআরএ সমুদ্র অর্থনীতিবিষয়ক মন্ত্রী পর্যায়ের তৃতীয় সম্মেলনের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম ও আইওআরএ মহাসচিব ড. নমভো এন নোকে। খুরশেদ আলম বলেন, বাংলাদেশ খুব দেরিতে হলেও সমুদ্রসম্পদ উন্নয়নে কাজ শুরু করেছে। এ খাতে অনেক সম্ভাবনা রয়েছে। সেদিকে নজর দিতে হবে। বাংলাদেশের সমুদ্র খাত উন্নয়নে আইওআরএ সহযোগিতা দেবে বলেও জানান তিনি।
আইওআরএ মহাসচিব বলেন, আইওআরএ সদস্য দেশগুলো একযোগে সমুদ্র খাত বিকাশে কাজ করছে। সমুদ্র অর্থনীতি মানবিক অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত বলে মন্তব্য করেন তিনি। ১৭ দফা কর্মসূচির এ ঢাকা ঘোষণায় রয়েছে, সদস্য দেশগুলোর সমুদ্রে জীববৈচিত্র্য রক্ষা করা, সমুদ্র অর্থনীতি উন্নয়নে সবাইকে সম্পৃক্ত করা, সমুদ্র অর্থনীতির টেকসই উন্নয়নে কাঠামো ও ব্যবস্থাপনা নীতিতে জোর দেওয়া, সদস্য দেশ ও সংলাপ অংশীদারদের মধ্যে সহযোগিতা জোরদার, সদস্য দেশগুলোর মধ্যে সমুদ্র অর্থনৈতিক ডাটাবেজ তৈরি ইত্যাদি।
