ডোরিয়ান বিধ্বস্ত বাহামায় চিকিৎসক-শিক্ষক পাঠিয়েছে কিউবা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৩ এএম

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ডোরিয়ানে বিধ্বস্ত ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বাহামায় চিকিৎসক ও শিক্ষকদের একটি দল পাঠিয়েছে কিউবা।

বাহামায় নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত ইসমারা ভারগাস রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেনসা লাতিনা-কে একথা জানান। খবর: আনাদলু এজেন্সি।

তিনি বলেন, ৬০ সদস্যের ওই দলটিকে বাহামায় পাঠানো হয়েছে। তারা স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করবেন।

ভারগাস বলেন, বিধ্বংসী ঝড় ডোরিয়ান আঘাত হানার পর দেশটির চিকিৎসা ও শিক্ষা খাতকে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে স্বেচ্ছাসেবী দলটি সেখানে অবস্থান করবেন।

দেশটির ইতিহাসে সবচেয়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ডোরিয়ানের আঘাতে বিধ্বস্ত হয়েছে বাহামা। সর্বোচ্চ ক্যাটাগরি পাঁচের ওই হারিকেনের আঘাতে এখন পর্যন্ত ৩০ জন নিহতের খবর পাওয়া গেছে। এখনো বহু নিখোঁজ রয়েছেন।

ডোরিয়ানের আঘাতে প্রায় ১৩ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত কিংবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট।

বাহামায় আঘাত হানার পর ডোরিয়ান দুর্বল হয়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ঘেঁষে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে ক্যারোলাইনাসহ উপকূলীয় রাজ্যগুলোতে প্রবল বৃষ্টিপাত এবং বন্যার সৃষ্টি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত