কক্সবাজারের উখিয়ায় একটি বেসরকারি সংস্থা (এনজিও) শেড’র অফিস থেকে জব্দ করা ‘দেশীয় অস্ত্র’ স্থানীয়দের সহায়তার জন্য বলে শুক্রবার জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, তারা দুটি স্থানীয় এনজিওকে স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীকে কৃষিকাজসহ নানা দৈনন্দিন কাজের জন্য সহায়তার অংশ হিসেবে দিতে কিছু গৃহস্থালি সরঞ্জাম দিয়েছিল।
আইওএম এর পক্ষ থেকে বলা হয়, এসব সরঞ্জাম শুধু স্থানীয় জনগোষ্ঠীর জন্য এবং এগুলো কোনোভাবে রোহিঙ্গা শরণার্থীদের জন্য নয়। কিন্তু বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হওয়ায় এটি নিয়ে প্রশাসন, গণমাধ্যম ও সুশীল সমাজে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। প্রকৃতপক্ষে এসব সরঞ্জাম ছিল কৃষিকাজে ব্যবহারের এবং এগুলো শুধুমাত্র স্থানীয় জনগোষ্ঠীকে দেয়ার জন্য স্থানীয় এনজিওটিকে দেয়া হয়েছিল।
আইওএম জানায়, বিষয়টি উখিয়া উপজেলা ও কক্সবাজার জেলা প্রশাসন খতিয়ে দেখেছে এবং পর্যাপ্ত প্রমাণ পাওয়া সাপেক্ষে জব্দ করা সরঞ্জাম পুনরায় এনজিওটিকে ফেরত দিয়েছে।
বৃহস্পতিবার বিকালে উখিয়ার মালভিটা এলাকায় বেসরকারি সংস্থা শেড’র কার্যালয় সংলগ্ন গুদামে অভিযান চালিয়ে বিভিন্ন ধারালো সরঞ্জাম জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম।
রামদা, ছুরি, করাত ও প্লায়ার্স মিলিয়ে জব্দ করা সরঞ্জামের সংখ্যা ছিল প্রায় সাত হাজার। এগুলো বড় আকারের ২০-২৫টি বস্তায় রাখা ছিল এবং বস্তাগুলোতে আইওএমের লোগো ছিল।
