হাতিরঝিলে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের ব্লক রেইড, আটক ১১২

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪০ এএম

রাজধানীর হাতিরঝিল থানার বিভিন্ন এলাকা ঘেরাও করে (ব্লক রেইড)  অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাং কালচারে জড়িত ১১২ কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত হাতিরঝিল, মধুবাগ, ঝিলপাড় ও  উলনসহ বিভিন্ন এলাকার গলি মুখ ঘেরাও করে এই অভিযান পরিচালনা করেছে পুলিশের ৬টি টিম।

হাতিরঝিল থানার ওসি মো. আব্দুর রশীদ দেশ রূপান্তরকে বলেন, প্রাথমিকভাবে হাতিরঝিলে বেড়াতে আসা দর্শনার্থী, পর্যটকদের যারা বিভিন্নভাবে উত্ত্যক্ত করে থাকে তাদের আটক করা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকার গলিতে বসে মাদক সেবনসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আটক করা হয়েছে। যারা মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে চলাচল করে স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করে, তাদেরও ধরা হয়েছে।

তিনি বলেন, তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি) আনিছুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত উপ-কমিশনারের তত্বাবধানে  উপপরিদর্শক (এসআই) মর্যাদার পুলিশ কর্মকর্তার  নেতৃত্বে মোট ৬টি টিম একযোগে অভিযান পরিচালনা করেছে। এখন পর্যন্ত এসব টিমের হাতে মোট  ১১২ জন আটক হয়েছে।

ওসি বলেন, অভিযান শেষ হওয়ার পর আটককৃতদের মধ্যে থেকে যাচাই-বাছাই করে মূল কিশোর অপরাধীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাকিদের তাদের প্রকৃত অভিভাবকদের জিম্মায় মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত