পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে বিমানে যেতে পারবেন না ভারতের রাষ্ট্রপতি। পাকিস্তান জানিয়েছে, রামনাথ কোবিন্দের বিমান চলাচলের অনুমতি প্রত্যাখ্যান করা হয়েছে।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, জম্মু ও কাশ্মীর নিয়ে দুই পারমাণবিক অস্ত্রধারী দেশের মধ্যে এক আলোচনার সময় চরম উত্তেজনার মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বিবৃতিতে বলেন, ‘ভারতের আচরণের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
আগস্টের শেষ দিকে পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধুরী টুইটারে জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতীয় ফ্লাইটগুলোর পাকিস্তানি আকাশপথ ব্যবহারে পুরোপুরি নিষেধাজ্ঞা পুনর্বহালের চিন্তাভাবনা করছে।
গত ৫ আগস্ট বিশেষ সুবিধা বাতিল করে জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত রাজ্য ঘোষণা করে বিজেপি সরকার। এর আগের দিন থেকে অঞ্চলটিতে ইতিহাসের কঠোরতম নিরাপত্তা পরিস্থিতি জারি করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত ৩৫ হাজার সেনাসদস্য। তখন থেকে অঞ্চলটিতে থমথমে অবস্থা বিরাজ করছে।
এই ইস্যু নিয়ে ভারত-পাকিস্তানের সম্পর্ক আবার চরম আকার ধারণ করেছে।
