সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে ফের আন্দোলনে নেমেছেন চাকরিপ্রত্যাশীরা। গতকাল বেলা ১১টার দিকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ, বাংলাদেশ সাধারণ ছাত্র সংগ্রাম পরিষদ এবং বাংলাদেশ ছাত্র পরিষদের উদ্যোগে এ সমাবেশ হয়।
এ সময় ‘চাকরি নয়, সুযোগ চাই; ৩৫ ছাড়া গতি নাই’ ‘৩০ নিপাত যাক; ৩৫ এর জয় হোক’ ‘রক্ত লাগলে রক্ত নাও, ৩৫ এর মুক্তি দাও’ ‘হতাশামুক্ত বাংলাদেশ গড়ো, ৩৫ বাস্তবায়ন করো’ ‘বয়সের ফ্রেমে মেধাকে বন্দি করা চলবে না’ ইত্যাদি স্লোগানযুক্ত প্ল্যাকার্ড প্রদর্শন করেন আন্দোলনকারীরা।
বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের মুখপাত্র ইমতিয়াজ হোসেন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। সরকার বিভিন্ন সময় আশ্বাস দিলেও সেটা বাস্তবায়ন করেনি। এবার আর মাঠ ছাড়ব না।’ তিনি আরও বলেন, ‘সরকার ৭০ বছরের প্রধান একটি রাজনৈতিক দলের, যারা সব সময় জনগণের পক্ষেই কাজ করে; তাহলে ২৮ লক্ষ তরুণের এ দাবি কেন অবহেলা করছে? আমরা বলতে চাই, দ্রুত সময়ে আমাদের এই সাত বছর ধরে চলা দাবি মেনে নিন এবং ৩৫ বাস্তবায়ন করুন।’
সমাবেশে পরিষদের সিনিয়র নেতা এম এ আলী বলেন, ‘বর্তমান সরকারকে বড় আশা নিয়ে ক্ষমতায় এনেছি। প্রধানমন্ত্রী আমাদের কথা দিয়েছিলেন, চাকরিতে বয়সের সময়সীমার ব্যাপারে যৌক্তিক সমাধান দেওয়া হবে। কিন্তু আমরা এখনো যৌক্তিক সমাধান পাইনি।’
সমাবেশে আরও বক্তব্য দেন বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি হারুন-অর-রশিদ, ইউসুফ জামিল, রফিকুল ইসলাম কিরণ, মহাদেব সরকার, নাছির হোসেন, কামাল হোসেন ও জসিম উদ্দিন প্রমুখ।
