ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাসিমা বেগম (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। হাসপাতালের ৫০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
শনিবারই রক্ত পরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হয়। হাসপাতাল সূত্র ডেঙ্গু জ্বরে নাসিমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
বড় ভাই হাজী মো. মুসলেহ উদ্দিন জানান, ৩/৪দিন ধরে জ্বরাক্রান্ত ছিলেন তার ছোট বোন নাসিমা। তাকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। শনিবার সেখানে তার রক্তের কয়েকটা পরীক্ষা করে ডেঙ্গু জ্বর ধরা পড়ে। এরপর আজ ভোর ৪টার দিকে তাকে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিল। এর পাশাপাশি নাসিমার কিডনি রোগও ছিল বলে জানান তিনি।
মুসলেহ উদ্দিন আরও জানান, তাদের বাড়ি কুমিল্লার মোরাদনগর উপজেলায়। ১ ছেলে ও ২ মেয়েকে নিয়ে মিরপুর শেওড়া পাড়ায় একটি বাসায় ভাড়া থাকতেন। তার স্বামী জাহাঙ্গীর আলম সৌদি আরব প্রবাসী।
