অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের ১৪০ কিলোমিটার গতির একটি বলে দুই টুকরো হয়ে গেল জো রুটের অ্যাবডমিনাল গার্ড। গত শুক্রবার অ্যাশেজের চতুর্থ টেস্টের তৃতীয় দিন ঘটেছে এই কাণ্ড।
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাশেজের চতুর্থ টেস্টটি চলছে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে। রবিবার পঞ্চম দিনেও ম্যাচে দাপট অস্ট্রেলিয়ার। অজি পেসাররা দাপট দেখাচ্ছেন ম্যাচে। আগের তিন ম্যাচ না খেললেও মিচেল স্টার্ক এ ম্যাচে উজ্জ্বল স্বমহিমায়।
প্রথম ইনিংসে স্টার্ক তুলে নেন ৩ উইকেট। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৮ উইকেটে ৪৯৭ রানের বিপরীতে ৩০১ রানেই থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস।
পরে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ১৮৬ রান করে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ইংল্যান্ডের সামনে লক্ষ্য ৩৮৩ রান।
প্রথম ইনিংসে রুট দারুণ ব্যাট করেন। ৭১ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু স্টার্কের একটি বলে রীতিমতো কুপোকাতই হতে হয় তাকে। ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে ছুটে আসা অজি ফাস্ট বোলারের বল আঘাত করে ইংল্যান্ড অধিনায়ক জো রুটের অ্যাবডমিনাল গার্ডে। এই ঘটনার পর যন্ত্রণায় মাঠে শুয়ে পড়েন রুট।
পরে দেখা যায় রুট তার অ্যাবডমিনাল গার্ড বদলাচ্ছেন। যেটি কিনা স্টার্কের বলের আঘাতে ভেঙে দুই টুকরো।
