রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় জাতীয় পরিচয়পত্রের ডেটাবেইজের কোনো ক্ষতি হয়নি দাবি করে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেছেন, অগ্নিকাণ্ডে কিছু ইভিএমের ক্ষতি হতে পারে।
ইসি সচিব মো. আলমগীর বলেছেন, এ ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
সাইদুল ইসলাম বলেন, ‘ভবনের নিচতলায় আগুন লেগেছে আর আমাদের জাতীয় পরিচয়পত্রের তথ্য ভান্ডার ডেটাবেইজ সার্ভারের কোন ক্ষয়ক্ষতি হয়নি। সেটা ভবনের ১১ তলায়। সেটা সুরক্ষিত আছে। ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন বলা মুশকিল। আমরা তো এখন প্রবেশ করতে পারছি না।’
ভবনের বেজমেন্টে ইভিএম সংরক্ষণের বিশেষ গুদামে কী পরিমাণ ইভিএম জমা ছিল এমন প্রশ্নের জবাবে ইসির এই কর্মকর্তা বলেন, সেখানে প্রায় ৪৫০০টি ইভিএম রাখা ছিল। তবে সবগুলো ইভিএমের ক্ষতি হয়নি দাবি করে তিনি বলেন, আমরা একটা তদন্ত কমিটি গঠন করবো। আগুন লাগার কিছু পরেই সেখানে ইসির একাধিক কর্মকর্তা উপস্থিত হয়েছেন।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দেওয়া তথ্য অনুযায়ী, ১০০ জন সদস্যের ১২ টি ইউনিট কাজ করে ১২টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রবিবার রাত ১১টা ৬ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। নির্বাচন ভবনের বেজমেন্টে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।
রাত ১২টায় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর ফরহাদুল আলম দেশ রূপান্তরকে বলেন, নির্বাচন কমিশন ভবনের গ্রাউন্ড ফ্লোরে রাত ১১টা ৬ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দেওয়া তথ্য অনুযায়ী, ১০০ জন সদস্যের ১২ টি ইউনিট কাজ করে ১২টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
