খুলনায় মা-মেয়ে ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৭ পিএম

খুলনায় মা-মেয়ে ধর্ষণ মামলার আসামি খোকন মিয়াকে সিলেটের ওসমানীনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার গভীর রাতে ওসমানীনগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার পথে আসামিপক্ষের লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টা করে। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।

পরে পুলিশ আসামি খোকন মিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

খোকন মিয়া খুলনার বাগেরহাটের কচুয়া উপজেলার ধননগর গ্রামের জাহাঙ্গীর আলীর ছেলে। খোকন পেশায় একজন ট্রাকচালক।

ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন জানান, খুলনার এক নারীকে (৩৫) বিয়ের প্রলোভন দেখিয়ে খোকন দীর্ঘদিন ধর্ষণ করেছে। ওই নারী খোকনকে বিয়ের জন্য চাপ দিলে গত ১৪ আগস্ট ওই নারীর কিশোরী মেয়েকে (১৩) ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে খোকন। এরপর থেকে মেয়ে নিখোঁজ থাকায় থানায় জিডি করেন ওই নারী।  গত ৪ সেপ্টেম্বর ওই কিশোরী গোপনে তার মাকে ফোন করে জানায়, খোকন তাকে অপহরণ করে সিলেটের ওসমানীনগরের উমরপুরে নিয়ে এসেছে এবং একাধিকবার ধর্ষণ করেছে।

এরপর ওই নারী গত রবিবার রাতে ওসমানীনগর থানায় ধর্ষণ ও অপহরণের মামলা দায়ের করেন। মামলার পর রাতেই পুলিশ ওসমানীনগরের কামালপুরে অভিযান চালিয়ে আসামি খোকন মিয়াকে গ্রেপ্তার করে এবং ওই কিশোরীকে উদ্ধার করে।

ওসি আরো জানান, আসামি খোকন মিয়াকে থানায় নিয়ে আসার পথে তার বাবা জাহাঙ্গীর আলীসহ আরো কিছু লোক দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ গুলি ছুড়লে আসামি খোকন ডান পায়ে গুলিবিদ্ধ হয়। পরে তাকে চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। 

এছাড়া খোকনের বাবা জাহাঙ্গীর আলীকেও গ্রেপ্তার করা হয়েছে। আসামি পক্ষের হামলায় পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন বলে জানান ওসি। এব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

উদ্ধার কিশোরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত