ফরিদপুরে বিস্ফোরক আইনের মামলায় চারজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার জেলা ও দায়রা জজ আদালতে স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মো. মতিউর রহমান এ রায় ঘোষণা করেন। নিজেদের ‘আনসারুল্লাহ বাংলা ভাইয়ের দলের’ সদস্য পরিচয় দেওয়া চার আসামিই এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলোÑ ফরিদ মৃধা, শহিদুল ইসলাম, মহসীন মোল্লা ও নাহিদ মোল্লা। তাদের বাড়ি জেলার সদরপুরসহ বিভিন্ন এলাকায়।
স্পেশাল ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) গোলাম রব্বানী বাবু মৃধা জানান, ২০১৬ সালের এপ্রিল মাসে ময়মনসিংহের বিস্ফোরণ মামলার পলাতক আসামি নাহিদ মোল্লাকে একই বছরের ২৬ আগস্ট ভাঙ্গাবাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ। নিজেকে ‘আনসারুল্লাহ বাংলা ভাইয়ের দলের’ সদস্য উল্লেখ করে তিনি পুলিশকে বলেন, এ এলাকার আঞ্চলিক কমান্ডার ফরিদ শেখের নেতৃত্বে তারা কাজ করছেন।
তিনি আরও বলেন, পরে নাহিদের দেওয়া তথ্যে জেলার সদরপুর উপজেলার আলমনগর এলাকার বাড়িতে অভিযান চালিয়ে ফরিদ মৃধাসহ বাকি আসামিদের আটক করে পুলিশ। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ওয়ান শুটারগান, ১২টি হাতবোমা ও বোমা তৈরির বিস্ফোরক উদ্ধার করা হয়। একই দিন সদরপুর থানার ওসি (তদন্ত) আলীমুজ্জামান বিস্ফোরক আইনে চারজনকে আসামি করে মামলা করেন। ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি বিচারক তাদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন বলেও জানান পিপি।
