মোবাইল চুরির অভিযোগে আটক রাবির তিন শিক্ষার্থী

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০২ পিএম

মোবাইল চুরির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষার্থীকে আটক করেছে নগরীর মতিহার থানা-পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাসিব হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নাইমুর রহমান শুভ, লোক প্রশাসন বিভাগের মো. আব্দুল মারুফ।

চুরির বিষয়ে জানতে চাইলে হাসিব হাসান বলেন, ‘শুভ কয়েক দিন থেকে বলছিল তার খুব টাকা দরকার। সে আমাকে বললো দুইটা ফোন বন্ধক রেখে সে কিছু টাকা নিবে। এ কথা বলে শুভ আমাকে দুইটি ফোন দিয়ে যায়। ফোনগুলোর প্যাটার্ন খোলার জন্য আমি স্টেশন বাজারের একটি দোকানে যাই। পরে মারুফ আমাকে আবার একটি গাড়ি করে হলে তুলে নিয়ে অসলো এবং তারাই আমাকেই চোর বলে সাব্যস্ত করলো।’

অপর দিকে অভিযুক্ত শুভ ও মারুফ বলেন, ‘হাসিবই আমাদের দিয়ে এ চুরির কাজ করিয়েছে।’

শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘সকাল বেলা আমি ঘুম থেকে ওঠার পর শুনলাম যে হল থেকে দুটি ফোন চুরি হয়েছে। পরে আমার সঙ্গে হাসিবের দেখা হয় এবং আমার সন্দেহ হয় ফোনগুলো এ ছেলেই চুরি করেছে। কারণ হাসিবের বিরুদ্ধে আগেও ল্যাপটপ চুরির অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদে হাসিব চুরির বিষয়টি স্বীকার করে।’

মতিহার থানা ডিউটি অফিসার (এএসআই) মাইনুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে মোবাইল ফোন চুরির দায়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। জিজ্ঞাসাবাদ করে প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘মোবাইল ফোন চুরির দায়ে তিন শিক্ষার্থীকে আটক করেছে বলে জানতে পেরেছি। তারা বর্তমানে মতিহার থানায় রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত