জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে সাব্বির-সাইফ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪১ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশে সুযোগ দেওয়া হয়েছে সাব্বির রহমান ও সাইফউদ্দিনকে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আগে জিম্বাবুয়ে একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে বুধবার। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

বাংলাদেশ এরই মধ্যে ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে। ১৩ সদস্যের সেই দল থেকে মোট ৪ জনকে সুযোগ দেওয়া হয়েছে প্রস্তুতি ম্যাচে। প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশের দলটাও ১৩ সদস্যের। সাব্বির ও সাইফউদ্দিন ছাড়াও সুযোগ পাওয়া বাকি দুজন হলেন- আফিফ হোসেন ধ্রুব ও ইয়াসিন আরাফাত।

সাব্বির ও সাইফউদ্দিন দুজনই টেস্ট স্কোয়াডে ছিলেন না। দেশের হয়ে একটি মাত্র টি-টোয়েন্টি খেলা আফিফ জাতীয় দলে সুযোগ পেয়েছেন দীর্ঘদিন পর। আর ইয়াসিন আরাফাত অভিষেকের অপেক্ষায়। ফলে মূল ম্যাচের আগের তাদের ঝালিয়ে নিতেই প্রস্তুতি ম্যাচে সুযোগ দেওয়া।

এ ছাড়া প্রস্তুত ম্যাচের দলে বেশির ভাগই তরুণ। যারা এএইপি দলের হয়ে খেলছেন নিয়মিত। জিম্বাবুয়ে ও বিসিবি একাদশের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে ১২টায়।

বিসিবি একাদশ: সাইফ হাসান, নাঈম শেখ, সাব্বির হোসেন, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, আরিফুল হক, সুমন খান, ইয়াসিন আরাফাত, শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, জাকের আলী, মোহাম্মদ সাইফউদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত