বাড়ি থেকে ডেকে নিয়ে দিনদুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪১ পিএম

নরসিংদীতে ডিস ব্যবসাকে কেন্দ্র করে রুহুল আমিন (২২) নামে এক রং ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের সঙ্গিতার জবা মিল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। প্রকাশ্য দিবালোকে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

নিহত রুহুল আমিন সঙ্গিতা এলাকার বিল্লাল মিয়ার ছেলে। তিনি রংয়ের ব্যবসা করতেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সঙ্গিতা এলাকায় ডিস ব্যবসা করে আসছিলেন স্থানীয় সারোয়ার হোসেনের ছেলে তানজিল।

সম্প্রতি নিহত রুহুল তার নিজ এলাকায় ডিস ব্যবসা করতে চেয়েছেন। সেই অনুসারে রুহুল ৪ শতাধিক ডিস লাইন দেওয়ার কথা জানিয়েছিল তানজিলকে। এনিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব  দেখা দেয়।

এরই জের ধরে বুধবার ১১টার দিকে তানজিল হৃদয়, ছোটন ও মনির নিহত রুহুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। পরে জবা টেক্সটাইল মিল সংলগ্ন একটি মাঠে নিয়ে যায়। পরে কোনো কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে রুহুলকে কোপাতে থাকে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাবী সাথী বলেন, ‘রুহুল বাড়িতেই ছিল। সকালে তানজিল হৃদয়, ছোটন ও মনির তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। একটু পর তার মৃত্যুর খবর পাই। আমরা সন্ত্রাসীদের বিচার চাই।’

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন বলেন, মূলত নিহত রুহুল ডিস ব্যবসায় অংশীদার হতে চেয়েছিল। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এরই জেরে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত