ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে খাদিজা নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এদিকে তার বাবা কারখানা শ্রমিক ইসমাঈল হোসেনও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
খাদিজার চাচা মো. ইব্রাহীম জানান, কদমতলি ধনিয়ার নাসির উদ্দিন রোডে থাকে খাদিজার পরিবার। শিশুটির মায়ের নাম শিউলি আক্তার। বাবা-মায়ের একমাত্র মেয়ে খাদিজা।
হঠাৎ জ্বরাক্রান্ত হওয়ায় গত ৮ সেপ্টেম্বর শিশুটিকে মুগদা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে রক্ত পরীক্ষা করলে তার ডেঙ্গু জ্বর ধরা পড়ে।
পরদিন তার বাবাও জ্বরাক্রান্ত হলে তাকে ওই হাসপাতালে ভর্তি করানো হয় এবং তারও ডেঙ্গু শনাক্ত হয়।
ইব্রাহীম বলেন, আজ খাদিজার অবস্থার অবনতি হলে বিকেলে তাকে ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা। পরে ঢামেকে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে আজ সকাল নাগাদ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ জন। আগের রোগীদের মধ্য ছাড়পত্র নিয়েছেন ৮৭ জন। বর্তমানে ২৭৬ জন ডেঙ্গু রোগী এই হাসপাতালে ভর্তি রয়েছেন।
