রাজধানীর ডেমরায় বুধবার রাতে মাইক্রোবাসের ধাক্কায় কামরুল হাসান সানি (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। তিনি চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে (চুয়েট) মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিয়ে ফলাফলের জন্য অপেক্ষায় ছিলেন।
নিহতের বাবার নাম নাসির উদ্দিন মাস্টার। তার বাড়ি কুমিল্লার মুরাদগনরে। তাদের পরিবার চিটাগাং রোডের মাদানীনগর এলাকায় বসবাস করে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাাসপাতালে নিহতের ভগ্নিপতি মইন হোসেন জানান, বুধবার সন্ধ্যায় সানি তার মোটরসাইকেল নিয়ে খালাতো ভাই তাওহীদকে সঙ্গে করে ঘুরতে বের হয়। ডেমরার রানী মহল সিনেমা হলের কাছে বকুলতলা এলাকায় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। উদ্ধার করে হাসপাতালে আনার পর রাত ৯ টায় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। সানিরা দুই ভাই এক বোন ছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী আহসান জানান, বুধবার রাত ৮টার দিকে সানি দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী মাইক্রোবাস এসে তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলে সানিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাওহীদের মাধ্যমে বাড়িতে খবর পাঠানো হয়। আহসান নিজেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারি ইনচার্জ এসআই আবদুল্লাহ খান জানান, ডেমরা থানায় খবর পাঠানো হয়েছে।
